এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের অবস্থান এখনও চূড়ান্ত হয়নি। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আইসল্যান্ড ক্রিকেটের মজার প্রস্তাব। তারা জানিয়েছে, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাদের জায়গায় খেলতে তারা প্রস্তুত।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার বা আগামী সোমবার। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের পর বিষয়টি পরিষ্কার হবে।
এই অনিশ্চয়তার মাঝে বুধবার এক্সে আইসল্যান্ড ক্রিকেট একটি মজার পোস্ট দেয়। সেখানে লেখা হয়,
“টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেটা দ্রুত জানাক। যদি তারা ২ ফেব্রুয়ারি সরে দাঁড়ায়, আমরা সঙ্গে সঙ্গে রওনা দিতে প্রস্তুত। কিন্তু ৭ ফেব্রুয়ারির আগে কলম্বো পৌঁছানোর ফ্লাইটের সময়সূচি বড় ঝামেলার। আমাদের ওপেনার আবার ঘুমাতে পারে না।”
পোস্টটিকে আরও মজার করার জন্য তারা কেফলাভিক থেকে কলম্বো যাওয়ার একটি ভ্রমণ পরিকল্পনার স্ক্রিনশটও শেয়ার করে। শেষ মুহূর্তে ডাক পেলে কী ধরনের ঝামেলা হতে পারে, সেটাই ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে।
এর আগে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু থেকেই এর প্রতিবাদ করেছে।
এদিকে পাকিস্তান ইতোমধ্যে ২০ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যে দল খেলেছে, প্রায় সেই একই দল রাখা হয়েছে বিশ্বকাপের জন্য। তবে শেষ পর্যন্ত পাকিস্তান খেলবে কি না, সে সিদ্ধান্ত এখন সরকারের হাতে।