ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মার্কিন বিধ্বংসী জাহাজ মধ্যপ্রাচ্যে, বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী' তালিকায় ঢোকালো ইইউ, তবুও তেহরানের দৃঢ় অবস্থান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

মার্কিন বিধ্বংসী জাহাজ মধ্যপ্রাচ্যে, বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী' তালিকায় ঢোকালো ইইউ, তবুও তেহরানের দৃঢ় অবস্থান

ইরানকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নাম গোপন রেখে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইউএস নৌবাহিনীর বিধ্বংসী জাহাজ (ডেস্ট্রয়ার) ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক গত ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ধরনের যুদ্ধজাহাজের সংখ্যা ছয়টিতে দাঁড়িয়েছে। এছাড়া, অঞ্চলে এখন একটি বিমানবাহী রণতরী ও আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে।

এদিকে, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিশেষ বৈঠকের পর ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা এ সিদ্ধান্তে সম্মত হন।

এই পুরো সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তেহরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছেন। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে তার বিমানবাহী রণতরী ও সহযোগী জাহাজের আগমন মার্কিন সামরিক সক্ষমতা বাড়িয়েছে।

গত বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে তেহরানকে চরমপত্র দেন। তিনি লেখেন, "একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সঙ্গে যেকোনো মিশন শেষ করতে সক্ষম।"

কিন্তু ইরান এই সব হুমকিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, "আমাদের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে আমরা কোনো রকম জবরদস্তি বা হুমকির মুখে ন্যায্য আলোচনা ও চুক্তির পথে আপত্তি করি না।"

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলো ইরানের সার্বভৌমত্বের ওপর দমনমূলক মনোভাব নিয়ে এগিয়েছে। কিন্তু তেহরান দৃঢ় প্রতিরোধের মাধ্যমে মার্কিন আগ্রাসনের সব প্রচেষ্টাই মোকাবিলা করবে।