ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানে বিক্ষোভকারীদের অস্ত্র দিতে চান মার্কিন সিনেটর, প্রশ্ন উঠল তাহলে আমেরিকায় ইরানের ভূমিকা কী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০২:০১ পিএম

ইরানে বিক্ষোভকারীদের অস্ত্র দিতে চান মার্কিন সিনেটর, প্রশ্ন উঠল তাহলে আমেরিকায় ইরানের ভূমিকা কী

ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে ঘিরে যুক্তরাষ্ট্রের এক প্রভাবশালী রাজনীতিকের মন্তব্য নতুন করে আন্তর্জাতিক বিতর্ক উসকে দিয়েছে। মার্কিন সিনেটের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পার্সটুডের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে টেড ক্রুজ লেখেন, ইরানে বিক্ষোভকারীদের এখনই অস্ত্র দেওয়া দরকার এবং এতে যুক্তরাষ্ট্র নাকি আরও “নিরাপদ” হয়ে উঠবে।

একজন শীর্ষ মার্কিন আইনপ্রণেতার এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। কারণ, অন্য দেশের অভ্যন্তরীণ আন্দোলনে অস্ত্র সরবরাহের আহ্বান আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় সরাসরি উসকানি হিসেবেই ধরা হয়। বিশ্লেষকদের মতে, এটি কেবল ব্যক্তিগত মতামত নয়; বরং রাজনৈতিক চাপ সৃষ্টি, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং জনমত প্রভাবিত করার একটি কৌশল।

অনেক পর্যবেক্ষক মনে করছেন, টেড ক্রুজের এই মন্তব্য বাস্তব কোনো নীতিগত পরিকল্পনার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা এবং ইরানের প্রতি কঠোর বার্তা দেওয়ার চেষ্টা। সমালোচকদের ভাষ্য, এ ধরনের বক্তব্য কূটনৈতিক সংলাপের সম্ভাবনা আরও সংকুচিত করে এবং দুই দেশের উত্তেজনা বাড়িয়ে তোলে।

ইরানি বিক্ষোভকারীদের সশস্ত্র করার ধারণাকে আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্য দেশের অভ্যন্তরীণ আন্দোলনে অস্ত্র সরবরাহ করা হস্তক্ষেপ না করার নীতির স্পষ্ট লঙ্ঘন, যা সেই দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এতে সহিংসতা বাড়তে পারে, সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে এবং এমন এক প্রতিশোধের চক্র তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রাখে।

ভূ-রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহু বছর ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের বিক্ষোভে অস্ত্র ঢোকানোর মতো যেকোনো বাস্তব পদক্ষেপ শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, পুরো অঞ্চল এবং বিশ্ব রাজনীতিতেই বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—যদি একজন মার্কিন সিনেটর প্রকাশ্যে অন্য দেশের বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়ার আহ্বান জানাতে পারেন, তাহলে কি একই যুক্তিতে তেহরানও আমেরিকার অভ্যন্তরীণ সংকটে পাল্টা অবস্থান নেওয়ার নৈতিক যুক্তি খুঁজে পায়?

বিশ্লেষকদের মতে, এখানেই আসল সমস্যা। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক ব্যবস্থায় এক বিপজ্জনক নজির তৈরি করে, যেখানে শক্তিশালী দেশ নিজের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য ভিন্ন নিয়ম চাপিয়ে দেওয়ার সুযোগ পায়।