ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানের অন্দরে কাঁপুনি: স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞায় তেহরানে চাপ বাড়াল ট্রাম্প প্রশাসন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

ইরানের অন্দরে কাঁপুনি: স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞায় তেহরানে চাপ বাড়াল ট্রাম্প প্রশাসন

ইরানের ওপর চাপ আরও জোরালো করতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং তেহরানের অর্থপাচারে সহায়তাকারী বলে দাবি করা এক ব্যবসায়ীর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, চলতি মাসে ইরানে চালানো তথাকথিত ‘ভয়াবহ নিরাপত্তা অভিযানের’ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি সরাসরি দায়ী। বিবৃতিতে আরও বলা হয়েছে, তার তত্ত্বাবধানে থাকা আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালিয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন—এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে চলমান দমন-পীড়নের ঘটনায় সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। একই সময়ে তিনি মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন। তবে এসব সামরিক প্রস্তুতির মধ্যেও ট্রাম্প প্রকাশ্যে ইরান সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও বলে আসছেন।

শুক্রবার ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনির পাশাপাশি আরও পাঁচজন ইরানি নিরাপত্তা কর্মকর্তার নাম যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কর্মকর্তারা ইরানি জনগণের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।