এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম
গ্রিনল্যান্ড ও শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ সত্ত্বেও চীনের সাথে সম্পর্ক মজবুত রাখার পক্ষে জোরালো অবস্থান নিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট বলেছেন, চীনের মতো একটি শক্তিশালী দেশের সাথে সম্পর্ক না রাখা হবে একেবারেই 'বোকামি'।
শুক্রবার স্থানীয় সময় চীনের সাংহাই শহরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী স্টারমার এই মন্তব্য করেন।
চীন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে, তার প্রত্যক্ষ প্রভাব আমাদের দেশের ভেতরেও পড়ছে। এমন একটি অস্থির বিশ্বে আমাদের সবার সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে।"
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনալ্ড ট্রাম্প চীনের সাথে যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ককে 'ঝুঁকিপূর্ণ' বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, "আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য দেখেছি। এই সফরের আগেই আমরা তার টিমের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এমনকি ট্রাম্প নিজেও আগামী এপ্রিলে চীন সফরে আসতে পারেন।"