এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের সরকার আবারও থমকে গেছে! মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সরকারি কার্যক্রম আংশিক শাটডাউনের মুখে পড়েছে। অর্থ বরাদ্দের বিল সময়মতো পাস না হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। গত অক্টোবরেও একই কারণে দেশটিতে শাটডাউন হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সরকারি বিভিন্ন খাতের জন্য প্রস্তাবিত অর্থ বরাদ্দ প্যাকেজ কংগ্রেসে সময়মতো পাস হয়নি। আমেরিকার নিয়ম অনুযায়ী, যেকোনো বিল সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস—দুই কক্ষেই পাস হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেলে তবেই আইন হয়।
শনিবার রাত ১২টার মধ্যে এই বিল প্রেসিডেন্টের টেবিলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সবে সিনেটে পাস হয়েছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এখনো পৌঁছায়নি। ফলে অনেক সরকারি অফিস, পার্ক, জাদুঘর আর নন-এসেনশিয়াল সার্ভিস বন্ধ হয়ে গেছে। লাখ লাখ ফেডারেল কর্মচারী হয় বাড়িতে বসে থাকবেন, নয়তো বিনা বেতনে কাজ করবেন।
একদিকে এই অর্থনৈতিক সংকট, অন্যদিকে মিনেসোটা অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অ্যালেক্স প্রিটির মৃত্যু নিয়ে দেশজুড়ে তুমুল উত্তেজনা চলছে। এই ঘটনায় সরকার আর বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বড় বড় অভিযান শুরু করেন। ডিসেম্বরের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর জন্য তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার ঘোর বিরোধিতা করছে ডেমোক্র্যাটরা।
এই দুই ইস্যু মিলে আমেরিকার রাজনীতি এখন আরও জটিল হয়ে উঠেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন—কবে আবার সবকিছু স্বাভাবিক হবে?