ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হ্যাজেলউড বিশ্বকাপে নাই! অস্ট্রেলিয়া দলে ফাটল, কবে ফিরবেন অস্ট্রেলিয়ান স্টার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

হ্যাজেলউড বিশ্বকাপে নাই! অস্ট্রেলিয়া দলে ফাটল, কবে ফিরবেন অস্ট্রেলিয়ান স্টার

আগামী পাঁচদিন পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এই শেষ মুহূর্তেই বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। দলের প্রধান পেস বোলার জশ হ্যাজেলউড এখনই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। ফলে বিশ্বকাপের শুরু থেকেই তাকে মাঠে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সোমবার শ্রীলঙ্কায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। গ্রুপ পর্বের সব ম্যাচই সেখানেই খেলবে তারা। দলের সঙ্গে মঙ্গলবার যোগ দেবেন পাকিস্তান সফরে বিশ্রামে থাকা অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং চোট থেকে ফিরে আসা টিম ডেভিড ও ন্যাথান এলিস।

কিন্তু হ্যাজেলউড সেই তালিকায় নেই। সোমবার অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডেমেইড নিশ্চিত করেছেন, হ্যাজেলউড দলের সঙ্গে এখনই যোগ দিতে পারবেন না। তিনি আপাতত নিজ দেশ সিডনিতে থেকে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন। তার বদলে দলের 'ট্র্যাভেলিং রিজার্ভ' হিসেবে ডাকা হয়েছে আরেক পেসার শন অ্যাবটকে।

নির্বাচক ডডেমেইড ব্যাখ্যা করে বলেন, "আমাদের মনে হয়েছে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে নিজের দেশে, চেনা পরিবেশে পুনর্বাসন চালিয়ে যাওয়াই জশের জন্য বেশি ভালো ও বাস্তবসম্মত হবে। ন্যাথান এলিসও চোট থেকে ফিরছে। এই অবস্থায়, ফাস্ট বোলিংয়ের বিকল্প হিসেবে শন অ্যাবটকে দলে রাখাই আমরা যৌক্তিক মনে করেছি।"

তবে হ্যাজেলউড কবে নাগাদ দলে ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন এই ৩৫ বছর বয়সী পেসার।

ঘরোয়া মাঠে ভারতের বিপক্ষে দারুণ সিরিজ খেলার পর, গত নভেম্বরে অ্যাশেজের আগে এক শেফিল্ড শিল্ড ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই চোট কাটিয়ে ওঠার সময়ই একিলিস টেন্ডনে (গোড়ালির কাছে পেশী) নতুন চোট আসে। এই একিলিসের চোটই তাকে পুরো অ্যাশেজ সিরিজ থেকে দূরে রাখে এবং এখনও তার ফিরে আসার পথে প্রধান বাধা হয়ে আছে।

এরইমধ্যে গত শনিবার, দলের পরিবর্তনের শেষ দিনে পিঠের চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন আরেক প্রধান পেসার প্যাট কামিন্স। হ্যাজেলউডের এই অবস্থানে তাই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ নিয়ে তৈরি হয়েছে বড় চিন্তা।