ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রেকর্ড দামে বিক্রি! পিএসএলের দল মুলতান সুলতানসের নতুন মালিক, নাম হবে 'রাওয়ালপিন্ডি'


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

রেকর্ড দামে বিক্রি! পিএসএলের দল মুলতান সুলতানসের নতুন মালিক, নাম হবে 'রাওয়ালপিন্ডি'

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে রেকর্ড তৈরি করে বিক্রি হয়ে গেল দল মুলতান সুলতানস। মিডিয়া, প্রযুক্তি ও আর্থিক সেবার প্রতিষ্ঠান 'ওয়ালি টেকনোলজিস' দলটি কিনেছে ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে। দশ বছরের জন্য মুলতানের মালিকানা পেয়েছে তারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) লাহোরে পিএসএল ফ্র্যাঞ্চাইজির এই নিলাম অনুষ্ঠিত হয়। আর কেনার পরপরই চমক দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন মালিকপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে, তারা দলের নামই পরিবর্তন করতে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, "আপনারা কি চমকের জন্য প্রস্তুত? আমরা রাওয়ালপিন্ডির দিকেই যাচ্ছি!"

রেকর্ড মূল্যে মুলতান সুলতানস কেনার জন্য ওয়ালি টেকনোলজিসকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। একই সঙ্গে তিনি দলটি গঠনের পেছনে যার হাত ছিল, সেই নাজাম শেঠিকেও স্মরণ করেছেন। নাকভি বলেন, "মুলতান সুলতানস তৈরি করেছিলেন নাজাম শেঠি সাহেব। যিনি এই যাত্রা শুরু করেছিলেন, তিনি আজও আমাদের সঙ্গে আছেন। এটি আমাদের জন্য অনেক আনন্দের।"

এই নিলামের আগে শিয়ালকোট ও হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি দুটিও বিক্রির জন্য তোলা হয়েছিল। পিএসএলের আসন্ন খেলোয়াড় নিলাম হবে আগামী ১১ ফেব্রুয়ারি। সেখানে এখন নতুন নাম নিয়ে হাজির হবে পুরনো দল মুলতান সুলতানস, না কি নতুন পরিচয় নিয়ে আসবে রাওয়ালপিন্ডি – সেটাই এখন দেখার বিষয়।