এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম
ভারত-পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শেষ পর্যন্ত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে রবিবার মাঠে নামছে পাকিস্তান। পিসিবির এই সিদ্ধান্তে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মহারণের আগে তিনি বেছে নিলেন ভারতীয় দলে নিজের পছন্দের তিন তারকা।
রবিবারের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ‘মহারাজ’। পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে সৌরভ বলেন, “বিশ্বকাপের বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি ভারতকে হারানো সহজ হবে না পাকিস্তানের পক্ষে। ভারত শক্তিশালী দল।”
বিশ্বকাপে চমকের ঝড়
এবারের বিশ্বকাপের শুরুটা অন্যরকম। বড় বড় দলকে বিপাকে ফেলছে অপেক্ষাকৃত দুর্বল দলগুলো। ইংল্যান্ডকে প্রায় হারিয়েই দিয়েছিল নেপাল—অভিজ্ঞতার অভাবে শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হারে তারা। আবার পাকিস্তানকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় নেদারল্যান্ডস।
সৌরভের মতে, “টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে। এখনও পর্যন্ত কোনও দলকে বিশ্বকাপে বেমানান লাগেনি। সেটা নেদারল্যান্ড হোক, স্কটল্যান্ড বা নেপাল।”
পাকিস্তান ম্যাচে সৌরভের ফেভারিট কারা?
ভারতীয় দলে সৌরভ গাঙ্গুলির পছন্দের তালিকায় রয়েছেন অভিষেক শর্মা, যশপ্রীত বুমরা এবং ঈশান কিষাণ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করে দলকে বাঁচান সূর্যকুমার যাদব। তবুও পাকিস্তান ম্যাচের ফেভারিট তালিকায় ‘স্কাই’-কে রাখেননি সৌরভ।
বরং আস্থা রেখেছেন অভিষেক শর্মার ওপর। গত কয়েক ম্যাচে ধারাবাহিকতার অভাব থাকলেও বাঁহাতি এই তরুণ নিজের দিনে ম্যাচের সমীকরণ বদলে দিতে পারেন—এমনটাই বিশ্বাস প্রাক্তন বোর্ড সভাপতির।
ব্যাটারদের মধ্যে তার দ্বিতীয় পছন্দ ঈশান কিষাণ। কিছুদিন আগেও বোর্ডের ‘ব্যাড বয়’ তকমা জুটেছিল তার নামের সঙ্গে। তবে এখন তিনি টিম ম্যানেজমেন্টের ভরসার নাম। দেড় বছর পর দলে ফিরেই দারুণ ছন্দে আছেন। নিয়মিত রান পাচ্ছেন, নেমেই ঝড় তুলছেন এবং প্রতিপক্ষের বোলিং আক্রমণ ভেঙে দিচ্ছেন। সৌরভ মনে করছেন, ভারত-পাক ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন এই ‘পকেট সাইজ’ ব্যাটার।
বোলিংয়ে ভরসা বুমরা
বোলারদের মধ্যে সৌরভের প্রথম পছন্দ যশপ্রীত বুমরা। জ্বরের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে নামিবিয়ার বিরুদ্ধে দলে ফেরার কথা। সেই ম্যাচকেই পাকিস্তান ম্যাচের মহড়া হিসেবে দেখা হচ্ছে।
সৌরভের বিশ্বাস, বল হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই তারকা পেসার।
বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর শুক্রবার কলম্বো পাড়ি দেবে সূর্যকুমাররা। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। আর ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের উত্তাপে এখন সবার চোখ রবিবারের দিকে—ভারত-পাকিস্তান লড়াইয়ে কারা হবেন ম্যাচের নায়ক?