ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মৌমাছির ঝাঁকে মাঠেই প্রাণ গেল আম্পায়ারের! কানপুরে ভয়াবহ ঘটনায় শোকের ছায়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

মৌমাছির ঝাঁকে মাঠেই প্রাণ গেল আম্পায়ারের! কানপুরে ভয়াবহ ঘটনায় শোকের ছায়া

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচ চলাকালীন হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক আম্পায়ার। আহত হয়েছেন আরও অনেকে, তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী আম্পায়ার মানিক গুপ্তের। দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বুধবার কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করছিলেন মানিক। হঠাৎ মাঠে ঢুকে পড়ে মৌমাছির বিশাল ঝাঁক।
ওই মুহূর্তে মাঠে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক—সবাই যে যেদিকে পারেন ছুটে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। কিন্তু মানিক গুপ্ত গুরুতরভাবে আক্রান্ত হন।

প্রথমে তাঁকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আরও খারাপ হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন দশক ধরে কানপুরের ক্রিকেট অঙ্গনে সক্রিয় ছিলেন মানিক গুপ্ত। স্থানীয় এবং আঞ্চলিক পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কানপুরের ক্রিকেট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। তবে তিনি এখন আপাতত শঙ্কামুক্ত বলে জানা গেছে। আহত অন্যদেরও চিকিৎসা চলছে।
ভারতের ক্রিকেটে এমন ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ সালে ত্রিভ্যান্ড্রামে ভারত ‘এ’ এবং ইংল্যান্ড লায়ন্সের একটি একদিনের ম্যাচ চলাকালীনও মৌমাছির আক্রমণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। সেবার অনেকেই আহত হলেও কারও প্রাণহানি হয়নি।