এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
পাকিস্তান ক্রিকেটে এবার শ্বশুর-জামাইয়ের লড়াইয়ের নতুন অধ্যায়! শাহিন আফ্রিদির পারফরম্যান্স নিয়ে শ্বশুর শাহিদ আফ্রিদি ক্ষেপে গিয়েছিলেন, এবার জামাই শাদাব খানের বিরুদ্ধে সুর চড়ালেন শ্বশুর সাকলাইন মুস্তাক। নামিবিয়ার বিপক্ষে জয়ের পর প্রাক্তন ক্রিকেটারদের কটাক্ষ করে শাদাব যা বলেছেন, তাতে আগুন জ্বলে উঠেছে পুরো পাকিস্তান ক্রিকেটে। পিসিবিও এবার চুপ করে থাকেনি—শাদাবকে কড়া বার্তা পাঠিয়েছে!
গত বুধবার নামিবিয়াকে হারানোর পর শাদাব খান প্রাক্তনদের নিয়ে বলেন, “প্রাক্তন ক্রিকেটারদের মতামত থাকতেই পারে। ওরা কিংবদন্তি। কিন্তু ওরা বিশ্বকাপে কখনো ভারতকে হারাতে পারেনি। আমরা তো একবার হারিয়ে দেখিয়েছি!” এই কথায় রীতিমতো ফুঁসতে থাকেন সাকলাইন মুস্তাক। তিনি আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার মিলে পিসিবিতে অভিযোগও জানান।
শাদাবের শ্বশুর সাকলাইন বলেন, “শাদাবের এই মন্তব্য একদম অবাঞ্ছিত আর অপমানজনক। যাদের নিয়ে এমন কথা বলেছে, তাদের অনেকের সঙ্গে আমি খেলেছি। আমিও তো আইসিসি ট্রফি জিততে পারিনি, কিন্তু আমরা পাকিস্তানকে অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছি। টেস্ট জিতেছি, ওয়ানডে জিতেছি।” কামরান আকমলও ক্ষুব্ধ হয়ে বলেন, “প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এমন কথা বলা ঠিক না। কথা বলার সময় একটু সতর্ক থাকা উচিত।”
শাহিদ আফ্রিদি তো আরও কড়া সুরে কটাক্ষ করেন। তিনি বলেন, “শাদাব একদম ঠিক বলেছে। আমরা তো কিছুই পারিনি। ওরা অন্তত একটা ম্যাচ জিতেছে। ওদের সম্মান দিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, ওরা সম্মান রাখতে জানে না। ২০২১-এ একটা জয় পেয়েছে ঠিকই, কিন্তু দলে কোনো একতা নেই। না নিজেরা ভালো খেলতে পারে, না দল হিসেবে কিছু করতে পারে। নিজেদের মধ্যেই লড়াই করে!”
আফ্রিদি আরও যোগ করেন, “শাদাবের মনে রাখা উচিত, খারাপ পারফরম্যান্সের জন্য অনেকদিন দলে সুযোগ পায়নি। তখন আমরাই টিভিতে বলতাম—শাদাব দরকার, শাদাব দলের ভারসাম্যের জন্য জরুরি। বোলার হিসেবে দারুণ, ব্যাটও করে। ছেলে হিসেবেও খুব ভালো। সবার সঙ্গে ভালো ব্যবহার করে। তাই এখন এমন কথা শুনে খুব খারাপ লাগছে।”
তিনি বলেন, “আমরা যখন খেলতাম, তখনও প্রাক্তনরা আমাদের অনেক কটাক্ষ করতেন, অভিশপ্ত বলতেন। আমরা পারফর্ম করে জবাব দিয়েছিলাম। ছোট দল নয়, বড় বড় দলকে হারিয়ে জবাব দিয়েছিলাম।”
পিসিবি কর্তারাও শাদাবের এই মন্তব্য ভালোভাবে নেননি। টিম ম্যানেজার নাভেদ চিমার মাধ্যমে তাকে কড়া বার্তা পাঠানো হয়েছে।
পিসিবির এক কর্তা বলেন, “শাদাবের মন্তব্য একদম সমর্থনযোগ্য নয়। পাকিস্তান ক্রিকেটে প্রাক্তনদের অবদান অনেক। তাদের নিয়ে এভাবে কথা বলা যায় না। ওকে বুঝে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। আর মনে রাখা উচিত, প্রাক্তনদের মধ্যে তার শ্বশুর সাকলাইন মুস্তাকও আছেন!”
পাকিস্তান ক্রিকেটে এখন শ্বশুর-জামাই ঝামেলা নতুন করে আলোচনায়। দেখা যাক, এই ঝড় কতদূর যায়!