ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতকে সেমিফাইনালে দেখছেন না আমির! পাকিস্তানি তারকার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

ভারতকে সেমিফাইনালে দেখছেন না আমির! পাকিস্তানি তারকার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এবার বড় ধাক্কা দিলেন ভারতীয় সমর্থকদের! তিনি সরাসরি বলে দিলেন—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালেই উঠতে পারবে না। গ্রুপ ‘১’ থেকে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ—এমনটাই বিশ্বাস আমিরের।

পাকিস্তানের জনপ্রিয় শো ‘গেম অন হ্যায়’-এ আমির খোলাখুলি তার মতামত দেন। তিনি বলেন, “ভারতের ম্যাচগুলো দেখুন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকেই হারিয়ে দিতে পারে।”

আমির তার কথার পক্ষে যুক্তিও দেন। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে বলেন, “ওদের স্পিনাররা দারুণ। মোতি আর আকিল আছে। হোল্ডার আর শামার জোসেফও ভালো বোলিং করছে। ব্যাটিংয়ে তো রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল—যেকোনো সময় ৩০ বলে ৭০-৮০ রান তুলে দিতে পারে। ওরাই সবচেয়ে বিপজ্জনক দল।”

দক্ষিণ আফ্রিকা নিয়ে তিনি বলেন, “ওদের ফাস্ট বোলিং পুরোপুরি পরিপূর্ণ, স্পিন বিভাগও শক্তিশালী। ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। তাই আমার মনে হয় সেমিফাইনালে উঠবে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা।”

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উইকেটকিপার রশিদ লতিফ আর আহমেদ শেহজাদ। দুজনেই ভারতের সেমিফাইনালে ওঠার পক্ষে কথা বলেন। কিন্তু আমির তাদের সঙ্গে একমত হননি।

এছাড়া আমির জিম্বাবুয়ের কথাও তুলে ধরেন। অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা সিকান্দার রাজার দলকে তিনি ‘যেকোনো কিছু ঘটাতে পারে’ বলে মনে করেন।
আমিরের এই মন্তব্য নিয়ে এখন ফুটবল-ক্রিকেট মহলে বেশ আলোচনা চলছে। ভারতের ফ্যানরা কি এই ভবিষ্যদ্বাণী মেনে নেবেন, না কি মাঠেই জবাব দেবেন? সময়ই বলবে!