ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্যাংককে আজ ফাইনাল যুদ্ধ! বাংলাদেশ-ভারত মুখোমুখি, কার মাথায় উঠবে শিরোপা?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

ব্যাংককে আজ ফাইনাল যুদ্ধ! বাংলাদেশ-ভারত মুখোমুখি, কার মাথায় উঠবে শিরোপা?

২০২৬ সালের মহিলা রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের তরুণীরা। অন্যদিকে ভারত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

বাংলাদেশ সময় আজ দুপুর ১টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে বসছে ফাইনালের আসর। খেলা সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে সোনি লিভ অ্যাপে।

পুরোনো ফাইনালের স্মৃতি, নতুন লড়াই

এর আগে ২০২৪ সালে হংকংয়ের মং ককে নারী রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ৩১ রানে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

তবে এবার দৃশ্যপট কিছুটা আলাদা। পুরো টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগ্রেসরা।

গ্রুপ পর্বে হোঁচট খেয়েও ঘুরে দাঁড়িয়েছে ভারত

এই টুর্নামেন্টের শুরুটা ভারতের জন্য ভালো ছিল না। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিতভাবে সংযুক্ত আরব আমিরাতের মহিলা দলের কাছে ৭ উইকেটে হারে তারা। সেই ম্যাচে ভারত করেছিল ১৩০ রান। জবাবে ৪ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইউএই মেয়েরা।

তবে এরপর ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এ-কে ৯৩ রানে অলআউট করে দেয় তারা। জবাবে মাত্র ১০.১ ওভারে জয় তুলে নেয় ভারত।

গ্রুপের শেষ ম্যাচে নেপালের জাতীয় নারী দলকে ৭৮ রানে গুটিয়ে দেয় ভারত। সেই লক্ষ্য মাত্র ৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় তারা।

সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১১৮ রানে আটকে দিয়ে ১৩.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

দারুণ ছন্দে বাংলাদেশ

বাংলাদেশের পারফরম্যান্স ছিল আরও ধারাবাহিক। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪ রানে, থাইল্যান্ডকে ৩ উইকেটে এবং মালয়েশিয়াকে ৯০ রানে হারায় বাংলাদেশের তরুণীরা।

এবারের রাইজিং সুপারস্টার টুর্নামেন্টে বাংলাদেশের এ দলটি বেশ শক্তিশালী। জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে দল গঠন করেছে বিসিবি। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

অভিজ্ঞ অধিনায়ক, তরুণ দল

ভারতের দলে অধিনায়ক রাধা যাদবের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বাকি সদস্যরা মূলত পাইপলাইনে থাকা তরুণী। সেই কারণেই টুর্নামেন্টের শুরুতে কিছুটা চাপে পড়েছিল তারা।

তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে এখন তারা আত্মবিশ্বাসী।

সব মিলিয়ে, ব্যাংককের ফাইনালে আজ হতে যাচ্ছে দারুণ এক লড়াই। অপরাজিত বাংলাদেশ নাকি ঘুরে দাঁড়ানো ভারত—কারা শেষ হাসি হাসবে, তার উত্তর মিলবে দুপুরেই।