এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে সোমবার রাত ১২টা ৫৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।
USGS জানিয়েছে, কম্পনের গভীরতা অনেক বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও কোনো সতর্কতা জারি করেনি। কারণ, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি নেই।
মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর কম্পনের মাত্রা ৬.৮ বলে রেকর্ড করেছে। তারা জানিয়েছে, সাবাহ-এর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে। স্থানীয়রা ভূমিকম্পে আতঙ্কিত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।