এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম
আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। খবরে বলা হচ্ছে, পাকিস্তানের হামলায় তিনি মারা গেছেন।
শুক্রবার ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য পোস্ট করে ওসিন্ট ইউরোপ। পোস্টে বলা হয়েছে, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।
বিদেশি কয়েকটি সংবাদমাধ্যমও এই খবর প্রকাশ করেছে। তবে এখনো তথ্যটি সরকারিভাবে নিশ্চিত হয়নি।
দাবি অনুযায়ী, আফগানিস্তানে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গাজাব-লিল হক’ অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তাকে লক্ষ্য করে হামলা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।
রাশিয়াও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, মস্কো আফগানিস্তান ও পাকিস্তানকে অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছে।
রাতভর উত্তেজনার মধ্যে পাকিস্তান আফগানিস্তানের বড় শহরগুলোর ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে পাকিস্তানি ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে তালেবান চৌকি, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে।
এই খবর সত্যি হলে মধ্য এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। সবাই এখন অপেক্ষায়—আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসল সত্যটা কী আসবে?