এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০২ পিএম
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, এবার রোজা ৩০টি পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা বলছেন, আশা করা যাচ্ছে এবার রমজান ৩০ দিন পূর্ণ হবে। ফলে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হতে পারে।
এমিরেটস জ্যোতির্বৈজ্ঞানিক সমাজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৮ মার্চ আকাশে চাঁদ দেখা যাবে না। তাই পরের দিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুব কম।
তিনি আরও বলেন, শাওয়ালের চাঁদ ১৯ মার্চ সকাল ৫টা ২৩ মিনিটে জন্ম নেবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট আকাশে থাকবে। আবহাওয়া ও দৃশ্যমানতা ভালো থাকলে চাঁদ দেখা যাবে। তাহলে রমজান শেষ হয়ে শাওয়াল শুরু হবে।
আল জারওয়ান জানান, এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে বেশিরভাগ ইসলামিক দেশ রমজান শেষ এবং শাওয়াল শুরু নিয়ে একই সিদ্ধান্তে পৌঁছাতে পারে।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত ঘোষণা সবসময় সরকারি চাঁদ দেখা কমিটির মাধ্যমে আসবে। তারা ধর্মীয় ও পর্যবেক্ষণ প্রক্রিয়া শেষ করে এই তারিখ নিশ্চিত করবে।