এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
ফারস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।
আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
এই হামলাগুলো ইরানের পক্ষ থেকে সরাসরি প্রতিশোধমূলক বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে এখন উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আরও হামলা আসবে কি না—সেটাই এখন সবার চোখে। পরিস্থিতি আরও খারাপ হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।