ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানে হামলা ঘিরে তীব্র প্রতিক্রিয়া, ট্রাম্পকে সরাসরি আক্রমণ মেদভেদেভের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

ইরানে হামলা ঘিরে তীব্র প্রতিক্রিয়া, ট্রাম্পকে সরাসরি আক্রমণ মেদভেদেভের

ইরানে হঠাৎ করেই যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার সকালে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে এই হামলা হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

তবে পরিস্থিতি যেন যুদ্ধের দিকে না যায়, সে লক্ষ্যেই চলতি মাসে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনবার বৈঠক করেছে। আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার কথা ছিল দুই পক্ষের। কিন্তু তার আগেই এই হামলা পরিস্থিতিকে ভিন্ন মোড়ে নিয়ে গেল।

আলোচনা চলার মাঝেই ইরানে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির শক্তিশালী সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট Dmitry Medvedev বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আলোচনা ছিল মূলত প্রতারণা।

তার ভাষায়, আলোচনাকে সামনে রেখে পেছনে পেছনে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, প্রকৃতপক্ষে কেউ আন্তরিকভাবে সংলাপ চায়নি।

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এরও কঠোর সমালোচনা করেন মেদভেদেভ। তিনি বলেন,
“শান্তি স্থাপনকারী ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনা ছিল প্রতারণার অভিযান। কেউ এ নিয়ে সন্দেহ করেনি। যুক্তরাষ্ট্রের কেউ আসলে কোনো আলোচনাই করতে চায়নি।”

রাশিয়ার এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যে হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, আলোচনার টেবিলে ফেরার পথ এখন আরও কঠিন হয়ে গেল। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়বে কি না, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের কূটনৈতিক তৎপরতার ওপর।