এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পর, ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় কয়েক দফায় মিসাইল ছোড়ে তারা। এখন নতুন করে আবারও মিসাইল ছুড়েছে তেহরান।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের এই হামলায় তেল আবিবের পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে ।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের দখলদার বাহিনীর ঘাঁটিগুলোতে তারা ‘দ্বিতীয় ধাপের’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সরাসরি ইরানি মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে কি না সেটি স্পষ্ট নয়।
এদিকে এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং জনগণকে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । ইরানের সম্ভাব্য আরও হামলা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।
এর আগে শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘বৃহৎ সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেন । ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, “আমরা তোমাদের সতর্ক করে দিয়েছিলাম! এখন তোমরা এমন একটি পথে পা দিয়েছ যার পরিণতি আর তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না” ।
এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। ইরান-ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ানোর আশঙ্কায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।