ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মসজিদে আজান নেই! ইরানের হামলা আতঙ্কে রমজানের প্রথম দিনেই তারাবি নামাজ বন্ধ কুয়েতে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১২:০৩ এএম

মসজিদে আজান নেই! ইরানের হামলা আতঙ্কে রমজানের প্রথম দিনেই তারাবি নামাজ বন্ধ কুয়েতে

ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজান মাসের প্রথম দিনেই এই নির্দেশনা এলো, যেখানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এর মধ্যেই কুয়েতেও হামলা হয়েছে।

দেশটির প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন বলে জানা গেছে।

কুয়েত তারাবির নামাজের পাশাপাশি বৃহস্পতিবার রাতের নামাজও মসজিদে না পড়ার নির্দেশনা দিয়েছে। সাধারণত বৃহস্পতিবার রাতে দেশটির মানুষ নামাজ পড়তে জড়ো হন।

অপরদিকে কাতার ইফতার পার্টিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদের অবস্থান। শনিবার এ ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।

গোটা মধ্যপ্রাচ্য এখন ইরান-ইসরায়েল সংঘাতের আগুনে জ্বলছে। পবিত্র রমজান মাসেও থামছে না হামলা-পাল্টা হামলা। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধর্মীয় কার্যক্রমেও পড়েছে এর প্রভাব।