ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা! যাত্রী লাউঞ্জের ছাদ ধসে আহত ৪, বন্ধ সব ফ্লাইট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা! যাত্রী লাউঞ্জের ছাদ ধসে আহত ৪, বন্ধ সব ফ্লাইট

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায় ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা ।

গতকাল শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানি বাহিনী। এই হামলার অংশ হিসেবেই দুবাই বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে ।

সংযুক্ত আরব আমিরাত হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন, যারা সবাই বিমানবন্দরের কর্মী । আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে ।

হামলার পরপরই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের এই মুহূর্তে বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে ।

এদিকে ইরানের এই হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আঞ্চলিক বিমান সংস্থা এমিরেটস ও ফ্লাইদুবাই তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। কাতার এয়ারওয়েজ, তুর্কি এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে ।