এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক ঘণ্টায় অসংখ্য মিসাইল ছুড়েছে ইরান। ছোট ও বড়—দুই ধরনের মিসাইলই ব্যবহার করছে তেহরান। এমনকি একসঙ্গে সর্বোচ্চ ৩০টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
এই টানা হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি হামলায় তেলআবিবে ২০ জন আহত হয়েছেন এবং এক নারী নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।
সংবাদমাধ্যম The Times of Israel জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও একটি মিসাইল ব্যারেজ শনাক্ত করেছে। সেটি ইসরায়েলের দিকেই ছুটে আসছে। এসব মিসাইল দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে উত্তরাঞ্চলে ইরানি ড্রোন ঢুকে পড়ার ঘটনাও ঘটে। তবে সেগুলো ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুধু একতরফা হামলা নয়, পাল্টা জবাবও দিচ্ছে ইসরায়েল। ইরানের হামলার পাশাপাশি ইরানকে লক্ষ্য করে ইসরায়েলও একাধিক আঘাত হানছে। সর্বশেষ তথ্যে ইসরায়েল জানিয়েছে, তাদের বিমানবাহিনী ইরানে আরেক দফা হামলা চালাতে যাচ্ছে।
ক্রমাগত এই পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। আকাশে সাইরেন, রাস্তায় আতঙ্ক—মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া আরও ঘন হচ্ছে।