এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস আজ রোববার জানিয়েছে, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায় । ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার ভোরে ।
দুবাই পুলিশ জানিয়েছে, একটি ফায়ার সার্টিফিকেট যাচাইকরণ কার্যক্রম চলাকালে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। তবে ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে ।
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মিডিয়া অফিস বলেছে, সিভিল ডিফেন্সের দল বাণিজ্যিক এ বন্দরটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮ ঘণ্টা কাজ করে। পরে তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জেবেল আলি বন্দর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় বন্দর। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয় । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দুবাই পুলিশ।
মিডিয়া অফিস বলেছে, ২০২১ সালে বন্দরটিতে আগুন লেগেছিল। কিন্তু সেই সময়কার ভিডিও এখন অনেকে প্রকাশ করছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে ।
জেবেল আলি বন্দর দুবাইয়ের পাম জুমেইরাহর পাশে অবস্থিত। পাম জুমেইরাহতে এর আগেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে এই ঘটনা পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।