এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম
পেলোসির পরে তাইওয়ানে মার্কিন প্রতিনিধিরা, নতুন করে সামরিক মহড়া শুরু করল চিন
আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসির পরে ফের তাইওয়ান সফরে মার্কিন কংগ্রেসের সদস্যরা। এক মাসে পর পর দু’বার তাইওয়ানে আমেরিকার প্রতিনিধিরা পা রাখলেন (Taiwan China Crisis)। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের নতুন করে সামরিক মহড়া শুরু করে দিয়েছে চিন।
তাইওয়ানে দু’দিনের সফরে গিয়েছেন আমেরিকার কংগ্রেসের পাঁচ সদস্য। তাঁদের নেতৃত্বে রয়েছেন ম্যাসাচুসেটসের সেনেটর এড মার্কি। জানা গেছে, তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করবেন। কিছুদিন আগেই চিনের চোখ রাঙানি উপেক্ষা করে তাইওয়ানে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তাইওয়ানের গণতন্ত্র বিপন্ন। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের কব্জায় নিতে মরিয়া চিন। মার্কিন যুক্তরাষ্ট্রও বারবার জানিয়ে দিয়েছে, তারা তাইওয়ানের গণতন্ত্রে বিশ্বাসী (Taiwan China Crisis)। তারপরও চিন জানিয়ে দিয়েছে, তারা প্রয়োজন মনে করলে তাইওয়ানে সামরিক অভিযান চালাবে। তাইওয়ান দখল করে নেবে।
চিনা হুঁশিয়ারি উপেক্ষা করে গত ২ অগস্ট তাইওয়ান সফরে গিয়েছিলেন ন্যান্সি (Taiwan China Crisis)। তার পর থেকেই তাইওয়ান প্রণালী এবং পাশের চিন সাগরে বেজিং সামরিক তৎপরতা বাড়িয়েছে। ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে চিনা হামলার আশঙ্কা করছে তাইওয়ান। চিনা আগ্রাসনের মুখে আত্মরক্ষায় তাইওয়ানকে সাহায্য করতে পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, শান্তি ও সুস্থিতি ফেরানোর লক্ষ্যে তাইওয়ানের পাশে দাঁড়াতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিস্থিতিতে তাইওয়ানে আমেরিকার প্রতিনিধি দলের পা রাখার অর্থ তাইওয়ানকে সমর্থন করে আমেরিকার কংগ্রেস।
এদিকে তাইওয়ানে বার বার মার্কিন প্রতিনিধিদের আনাগোনা ভাল চোখে দেখছে না চিন (Taiwan China Crisis)। নতুন করে তারা সামরিক মহড়া শুরু করেছে। তাইওয়ানের উত্তর, পূর্ব ও দক্ষিণের সমুদ্রে গত কয়েক দশকের সব চেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে চিন। অভিযোগ, তাইওয়ানের প্রণালীতে অন্তত ১১টি চিনা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। চিন ও তাইওয়ানের সংযোগকারী ওই প্রণালী বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই প্রণালীকেই অবরুদ্ধ করে ফেলার চেষ্টা চালাচ্ছে চিন।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে