ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নতুন নেতা মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েল লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

নতুন নেতা মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েল লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরের দিকে তার নির্দেশেই ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোজতবা খামেনির পুরো নাম আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি। তার পুরো নাম উল্লেখ করে আইআরইবি তাদের প্রতিবেদনে জানায়, “নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরের দিকে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম হামলা।”

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রচার করেছে আইআরইবি। সেখানে লেখা ছিল— “আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।”

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তার মৃত্যুর ৯ দিনের মাথায় তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ইরানের প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

ইরানের ক্ষমতার কাঠামোতে সর্বোচ্চ নেতার অবস্থান একেবারে শীর্ষে। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক বা চিফ অব কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।

সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, অর্থনীতি, রাজনীতি, পার্লামেন্ট—সব ক্ষেত্রেই সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। ফলে মোজতবা খামেনির এই প্রথম নির্দেশই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।