ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনসহ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বিশাল মহড়া শুরু করল রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯ পিএম

চীনসহ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বিশাল মহড়া শুরু করল রাশিয়া

চীনসহ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বিশাল মহড়া শুরু করল রাশিয়া

চীনসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার ফার ইস্ট অঞ্চল ও জাপান সাগরে ‘ভোস্টক-২০২২’ শিরোনামে চলমান এই মহড়ায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে প্রতিষ্ঠিত কয়েকটি দেশ ছাড়াও ভারত, সিরিয়া, লাউস, মঙ্গোলিয়া ও নিকারাগুয়া অংশ নিচ্ছে।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। এতে ১৪০টির বেশি বিমান ও ৬০টি যুদ্ধ জাহাজসহ ৫ হাজার সামরিক সরঞ্জাম এবং ৫০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টার মধ্যেই এই মহড়া শুরু হলো। এছাড়া তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে চীনেরও মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী, বিমান ও নৌ বাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। উভয় দেশের মধ্যে সামরিক সমন্বয় জোরদার করাই এই মহড়ার লক্ষ্য। 

চীনের কমিউনিস্ট পার্টি সমর্থিত গ্লোবাল টাইমস বলেছে, সম্ভাব্য মার্কিন হুমকি বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন হুমকি মোকাবেলা করতেই এ ধরণের আয়োজন করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত ছোট পরিসরে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার জন্য সেনাবাহিনীর ছোট একটি দল পাঠিয়েছে নয়া দিল্লি। এর মধ্যে গুর্খা সৈন্য এবং নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা রয়েছেন। তবে সঠিক সংখ্যা জানা যায়নি।খবার পার্সটুডে/এনবিএস/২০২২/একে