এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ এএম
শেষ পর্যন্ত দেরিতে হলেও প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে’কে হত্যার দায়িত্ব স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। তবে দখলদার এই সরকার দাবি করেছে, ‘দুর্ঘটনাক্রমে’ গত মে মাসে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আবু আকলে নিহত হয়েছেন।
একইসঙ্গে ইসরাইল বলেছে, তারা এই হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে বা অপরাধ বিষয়ক তদন্ত চালাতে রাজি নয়।
গত ১১ মে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় আল-জাযিরা টেলিভিশনে লাইভ সম্প্রচার করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন শিরিন আবু আকলে। আল-জাযিরা তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজ সরবরাহ করে দাবি করে ইসরাইলি সেনারা শিরিনকে হত্যা করেছে। কিন্তু তেল আবিব ওই অভিযোগ অস্বীকার করে সরাসরি জানিয়ে দেয়, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে তার মৃত্যু হয়েছে।
ইসরাইল এমন সময় ‘ভুলক্রমে’ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করার কথা স্বীকার করল যখন হতভাগ্য সাংবাদিক বড় অক্ষরে ‘প্রেস’ লেখা ভেস্ট গায়ে পরে লাইভ কভারেজ দিচ্ছিলেন। ইসরাইলি সেনারা সরাসরি তার মুখে গুলি ছোড়ে এবং গুলিটি শিরিনের মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়।ঘটনাস্থল থেকে উদ্ধার করা বুলেটের সূত্র ধরে আল-জাযিরার পক্ষ থেকে জোর গলায় এ হত্যাকাণ্ডে ইসরাইলকে দায়ী করা হয় কারণ, ওই গুলি কেবল ইসরাইলি সেনারাই ব্যবহার করে।খবর পার্সটুডে/এবিএস/ ২০২২/একে