ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত; ৫ ভারতীয় সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত; ৫ ভারতীয় সেনা নিহত

চীন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত; ৫ ভারতীয় সেনা নিহত

চীন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে। চার জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, অপর ব্যক্তির মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।

গতকাল শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার চিনগিং গ্রামের কাছে ভারতীর সেনাদের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) বিধ্বস্ত হয়। আপার সিয়াং জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জুমার বাসারের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলের সঙ্গে সড়কপথে যোগাযোগের উপায় নেই।

একটি ঝুলন্ত সেতু ছাড়া ওই গ্রামে যাওয়ার কোনো সড়কপথ নেই। সেনাবাহিনী ও বিমানবাহিনীর যৌথ দল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন বলে জানা গেছে। চলতি মাসে অরুণাচল প্রদেশে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এ মাসের শুরুতে তাওয়াংয়ের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একজন পাইলট নিহত হয় এবং আরও কয়েকজন আহত হন।

অরুণাচল প্রদেশের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে। ১৯৬২ সালে এই প্রদেশের নিয়ন্ত্রণ ইস্যুতে সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। চীনও অরুণাচলকে নিজের ভূখণ্ড বলে মনে করে।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে