এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম
পরশু থেকে ‘পাকিস্তান জোড়ো’ অভিযানে ইমরান, রাহুলের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ
তাঁর দাবি দেশে দ্রুত সাধারণ নির্বাচন করতে হবে। অন্যদিকে, দেশের নির্বাচন কমিশন তাঁরই ভোটে দাঁড়ানোর অধিকার পাঁচ বছরের জন্য কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে মাস সাতেক আগে পাকিস্তানের (Pakistan) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন জোট সরকারের বিরুদ্ধে। আগামী শুক্রবার লাহোরের লিবার্টি চক থেকে দেশের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করবে ইমরানের লং-মার্চ।
ইমরান বলেছেন, এই লং-মার্চ ঐতিহাসিক হতে চলেছে। এর কোনও সময়সীমা নেই। ইসলামাবাদ অভিমুখে গোটা পাকিস্তান জুড়বে এই যাত্রায়। লাহোর-ইসলামাবাদ ৩৭৮ কিলোমিটার পথ। ইমরান সমর্থকদের দাবি, কবে যাত্রা শেষ হবে বলা মুশকিল। সাধারণ নির্বাচনের দিন ঘোষণা এবং জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত অভিযান চলবে।
ভারত জোড়ো যাত্রা নিয়ে এ দেশে সাড়া ফেলে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি অবশ্য তিন হাজার ৭৫০ কিলোমিটার পথ হাঁটবেন। ৭ সেপ্টেম্বর তামিলনাড়ু থেকে যাত্রা শুরু করেছেন তিনি। ডিসেম্বরের শেষে থামবেন কাশ্মীরে পৌঁছে।
ইমরানের লং মার্চ নিয়ে তাঁর বিরুদ্ধে রাহুল গান্ধীকে নকল করার অভিযোগ করছে অন্য দলগুলি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকারের কর্তাদের বক্তব্য, ভারতে রাহুল গান্ধী লড়াই করছেন সাড়ে আট বছর বয়সি নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। পাকিস্তানের বর্তমান সরকারের বয়স সেখানে মাত্র কয়েক মাস।
রাহুলের সঙ্গে ইমরানের তুলনা অবশ্য নতুন নয়। বিজেপি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে পাপ্পু বলে কটাক্ষ করে থাকে। স্বয়ং অমিত শাহ এই শব্দ ব্যবহার করেছেন রাহুলের সম্পর্কে। ক’দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে বেফাঁস মন্তব্যের জেরে ইমরানকে ‘পাকিস্তানের পাপ্পু’ বলে তাঁর বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়।
জিনিসপত্রের দাম নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে কথায় কথায় ইমরান বলেন, ‘সবচেয়ে খারাপ অবস্থা আটা-ময়দার। আমি যখন সরকার থেকে বিদায় নিলাম, তখন এর দাম ছিল ৫০ টাকা কেজি। এখন সেই আটাই করাচি শহরে ১০০ টাকা লিটার।
মুখ ফসকে কেজির জায়গায় লিটার বলে ফেলায় সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনে কটাক্ষের ঝড়ের মুখে পড়তে হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহেরিক-ই ইসলাম পার্টির প্রধান ইমরানকে। সীমান্তের এপার থেকেও বহু নাগরিক তাতে যোগ দেন।
অনেকেই প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আটা ১০০ টাকা লিটার! বলেন কী!’ কারও প্রশ্ন ছিল, ‘কোন বোতলে আটা কিনলেন?’ কেউ মজা করে জানতে চান, ‘অনুগ্রহ করে জানাবেন কি তরল আটা কোথায় পাব।’ কেউ দেন মোক্ষম খোঁচা, ‘সত্যি করে বলুন তো শেষ কবে বাজারে গিয়েছেন।’
ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর ইমরান খান বর্তমান শাহবাজ শরিফ সরকারের সমালোচনায় মুখর। তাঁর দাবি, অবিলম্বে দেশে নির্বাচন করতে হবে। পাক রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, পদ খুইয়ে ইমরানের শাপে বড় হয়েছে। কারণ, দেশ চালাতে বর্তমান পাক প্রধানমন্ত্রীকে এখন ভারতের কাছেও হাত পাততে হচ্ছে। আবার বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। জিনিসপত্রের দাম আরও চড়েছে। এই পরিস্থিতির দায় ইমরানকে নিতে হল না।
বরং, এসব ইস্যু উসকে দেওয়াতেই ইমরানের পালে এখন প্রবল হাওয়া। তাঁর সমাবেশগুলিতে উপচে পড়ছে ভিড়। তবে এরই মধ্যে গত সপ্তাহে জোর ধাক্কা খেয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা, বর্তমানে পাক-রাজনীতির মহাতারকা ইমরান। প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি সফরে পাওয়া উপহার সামগ্রী নিলামে বিক্রি করে পাওয়া বিপুল অর্থ তিনি আয়কর রিটার্নে জানাননি। এই অভিযোগে দুর্নীতির দায়ে তাঁকে অভিযুক্ত করে পাঁচ বছরের জন্য ভোটে প্রার্থী হওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোটে গিয়েও ধাক্কা খেয়েছেন ইমরান। হাইকোর্ট তাঁর পিটিশনই গ্রহণ করতে চায়নি।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে