ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলা: নিহত ১৫


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২২, ০৭:১০ পিএম

ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলা: নিহত ১৫

ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলা: নিহত ১৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি জনপ্রিয় মাজারে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি জিয়ারতকারী আহত হয়েছেন। ফার্স প্রদেশের ডেপুটি গভর্নর ইসমাইল মোহেব্বি-পুর হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

গতকাল (বুধবার) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ফার্স প্রদেশের রাজধানী শিরাজের শাহ চেরাগ মাজারে ওই সন্ত্রাসী হামলা হয়। ভারী অস্ত্রে সজ্জিত একজন বন্দুকধারী মাজারে প্রবেশ করে জিয়ারতকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অবস্থায় ওই সন্ত্রাসীকে আটক করা হয়।

ইরানের সবোচ্চ নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসী একজন বিদেশি নাগরিক। এর আগে কোনো কোনো বার্তা সংস্থা হামলায় তিন সন্ত্রাসীর জড়িত থাকার খবর দিয়েছিল। হামলার সময় মাজারটিতে দেশি-বিদেশি জিয়ারতকারীতে পূর্ণ ছিল।


ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, নিহতদের মধ্যে দু’টি শিশু ও একজন নারী রয়েছেন।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাগরিবের আজানের সময় মাজারের নারী জমায়েতের ভেতর থেকে হঠাৎ উচ্চস্বরে শোরগোলের শব্দ পাওয়া যায় এবং এ সময় কালাশনিকভ রাইফেল হাতে এক ব্যক্তিকে নির্বিচারে গুলি চালাতে দেখা যায়।

ফার্স প্রদেশের গভর্নরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, হামলাকারী সন্ত্রাসী প্রথমে মাজারের গার্ড ও কর্মীদের টার্গেট করে গুলি চালায় এবং এরপর মাগরিবের নামাজ আদায়রত মুসল্লিদের দিকে এগিয়ে যায়। এসময় একজন কর্মী কৌশলে মাজারের ভারী দরজা দিয়ে আঘাত করে তাকে ধরাশায়ী করে।

শিরাজ শহরে ২০০৮ সালে একটি ধর্মীয় অনুষ্ঠানে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও প্রায় ২০০ বক্তি আহত হয়েছিল।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে