এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম
ম্যারাডোনার জন্য হলেও বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা : মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, দুই বছর আগে পরপারে পাড়ি জমানো দিয়াগো ম্যারাডোনার জন্য হলেও বিশ্বকাপটা জেতা উচিত আর্জেন্টিনার।
ব্যক্তিজীবনে মাশরাফি একজন আর্জেন্টিনার সমর্থক। পছন্দের দলের ফাইনাল নিশ্চিত করার পর সাবেক অধিনায়ক প্রায় ৫০০ শব্দের দীর্ঘ এক লেখা লিখলেন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে। জানালেন আর্জেন্টিনা দলের পুরো বিশ্বকাপ যাত্রা নিয়ে ভাবনা, ফাইনালে দলের কাছে চাওয়া।
রোববার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে যখন মাঠে নামবে মেসিবাহিনী, তখন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইনালটা খেলা হয়ে যাবে তার। আট বছর আগের প্রথম ফাইনালটার স্মৃতিও তখন ভালোভাবেই নাড়া দিয়ে যাচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে।
মাশরাফি গত ফাইনালের স্মৃতি মনে তিনি লেখেন, স্বপ্নের ফাইনাল আট বছরে দুইবার। আট বছর আগে রোজা চলছিল, সেহরির ঠিক পরেই গোৎজের গোলে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। তখন মনে হয়েছিল আর সম্ভব না, কারণ বিশ্বকাপ ফাইনালে উঠা চাট্টিখানি বিষয় না। সেখানে শুধু ভালো খেললেই হয় না,অনেক সমীকরণের সঙ্গে ভাগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১৮-তে শেষ ষোলোতেই বাদ, সাত গোলের খেলায় তিনটা দিয়েও টিকে থাকতে পারলো না।
এবার আর্জেন্টিনা বিশ্বকাপে এসেছিল ৩৬ ম্যাচের অপরাজিত যাত্রা নিয়ে। তবে এরপরও মেসিরা ফাইনাল খেলবেন, এমনটা বিশ্বাসই হয়নি মাশরাফির। কেন এমন মনে হচ্ছিল, সেটাও জানালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এবার সবাই যখন বলছিলো টানা ৩৬ ম্যাচ অপরাজিত, আসলে মন সাড়া দেয়নি। কারণ বিশ্বকাপ অন্য জিনিস।
এখানে ফাইনালে যেতে রাউন্ড সিক্সটিন থেকে ফাইনালে পৌঁছানোর ধাপই তিনটি, যেখানে নকআউট পদ্ধতি এর আগে তো গ্রুপ রাউন্ড আছেই। আশঙ্কা সত্য হয়ে প্রথম ম্যাচেই সৌদির কাছে হার, পরে সব ম্যাচই অলমোস্ট ফাইনাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা ফাইনাল খেলছে, এটা ভাবাই যায় না।
বিএস/ওডে/সি