এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
বিতর্কের মুখে নেইমার
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল দেশটির আরেক তারকা নেইমার জুনিয়রের। বেশ কয়েকটি ফরাসি গণমাধ্যম জানিয়েছিল, পেলের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নেইমারকে ছুটিও দিয়েছে তার ক্লাব পিএসজি। কিন্তু সোমবার ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিতদের মধ্যে তাকে দেখা যায়নি। এমনকি পিএসজিকে এ বিষয়ে অবগতও করেননি। সূত্র: ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
এ সময় নেইমারের পক্ষে তার বাবা নেইমার সিনিয়র ছুটে গিয়েছিলেন সান্তোসে। কিন্তু নিজ দেশের এমন কিংবদন্তির শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে পড়েছেন নেইমার।
এ বিষয়ে ব্রাজিলের এক টিভি শো’র উপস্থাপক জোসে লুইস দাতেনা সমালোচনা করে বলেন, ‘ছুটির জন্য নেইমার খুব ভালোভাবেই চাপ দিতে পারত পিএসজিকে। এর আগেও সে বেশ কয়েকবার পার্টি করার জন্য ছুটি নিয়েছে। তাহলে পেলেকে বিদায় জানানোর জন্য কেন ছুটি নিতে পারবে না? আমি মনে করি একজন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে নেইমারের আসাটা বাধ্যতামূলক ছিল।’
জানা যায়, আজ মঙ্গলবার পেলেকে সমাধিস্থ করা হবে নেক্রোপোল একুমেনিকায়।
ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, নেক্রোপোল একুমেনিকার ১৪ তলায় সবচেয়ে উঁচুতে শেষ শয্যায় শায়িত থাকবেন পেলে। এই ভবনে কফিন রাখার ১৪ হাজার ভল্টও রয়েছে। মিউজিয়াম এবং জলপ্রপাতও রয়েছে। তবে পেলের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু তার পরিবারের সদস্যরাই।
এনবিএস/ওডে/সি