ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 সমাধিস্থলে পেলের কফিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 সমাধিস্থলে পেলের কফিন

 সমাধিস্থলে পেলের কফিন

 সান্তোসে ২৪ ঘণ্টা শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে কফিনবদ্ধ পেলেকে। সেখান থেকে শেষকৃত্য করার জন্য কফিন নিয়ে যাওয়া হয়েছে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা সমাধিক্ষেত্রে। এখানেই শেষ ঘুমে শায়িত হবেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা সমাধিক্ষেত্রের দশ নম্বর তলায় শায়িত করা হবে পেলেকে। শেষ বিদায়ে পেলের কফিনের পাশে উপস্থিত থাকবেন তার পরিবারের সদস্যরা। গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, শেষ বিদায় জানাতে গিয়ে কাতর হয়ে পড়েছেন পেলের ছেলে এডিনহো। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটা অনেক কঠিন একটা মুহূর্ত। তবুও আমরা গর্ব অনুভব করছি।’

এর আগে ২৪ ঘণ্টা শ্রদ্ধা জানানো হয় পেলের প্রতি। শ্রদ্ধা জ্ঞাপনের সময় এ মহাতারকাকে এক নজর দেখার জন্য সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে জড়ো হন বিপুল পরিমাণ ভক্ত-সমর্থক। অনেকেই ২৪ ঘন্টা অপেক্ষার পর তার কফিনে শ্রদ্ধা জানান। তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভাও।

গত ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের মহানায়ক পেলে। এরপর সোমবার (০২ ডিসেম্বর) তাকে নিয়ে যাওয়া হয় সান্তোস মাঠে। ১৯৫৬ সালে এখানে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের এ কিংবদন্তি।

এরপরের গল্প সবার জানা। সান্তোস থেকে তার নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বের আনাচে-কানাচে। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ব্রাজিলের হয়ে তিনি জেতেন তিনটি ফিফা বিশ্বকাপ ট্রফি। ১৯৭৫ সালে সান্তোস ছেড়ে নিউইয়র্ক কসমসে নিজের ক্লাব ক্যারিয়ার শেষ করেন পেলে।

এনবিএস/ওডে/সি