ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কারাবরণ করায় দানি আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করলো মেক্সিকোর ক্লাব পুমাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৩, ০২:০১ পিএম

কারাবরণ করায় দানি আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করলো মেক্সিকোর ক্লাব পুমাস

 কারাবরণ করায় দানি আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করলো মেক্সিকোর ক্লাব পুমাস

ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস গত বছর ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা থেকে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দিয়েছিলেন। তবে নতুন ক্লাবেও বেশিদিন টিকতে পারলেন না। যৌন হয়রানির অভিযোগে এরইমধ্যে কারান্তরীণ থাকা আলভেসের সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকোর ক্লাবটি। এমনই খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

কদিন আগে ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন আলভেস। সেখানে গিয়েই বাঁধে বিপত্তি। অভিযোগ আছে, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে, এক নারীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন ব্রাজিলিয়ান এ ফুটবলার।

পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করায় আলভেস নাইট ক্লাব ত্যাগ করেন বলে দাবি করেছেন ওই নারী। যা নিয়ে তদন্ত শুরু করে বার্সেলোনা পুলিশ।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যৌন নিপীড়নের অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য গত শুক্রবার সকালে বার্সেলোনার মোসোস ডি'এসকোয়াড্রা দে লেস কর্টস পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেস। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে বার্সেলোনা পুলিশ।

এদিকে, গ্রেফতার হওয়ার পরপরই আলভেসের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় তার ক্লাব পুমাস। এক বিবৃতিতে ক্লাবটির সভাপতি লিওপোলদো সিলভা বলেন, ক্লাবের চেতনা ও মূল্যবোধের বিপক্ষে যায়- এমন কোনো কাজ ক্লাবের কোনো ফুটবলাররা করলে তা মেনে নেয়া হবে না।

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৩টি। ৫টি গোলে সহায়তা করলেও কোনো গোল পাননি।

এদিকে, যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আলভেস বলেছিলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি ঘটনাস্থলে ছিলাম কিন্তু আমি এমন কোনো কাজ করিনি। যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি নাচতে ভালোবাসি।

এনবিএস/ওডে/সি