এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন আশরাফুল
বাংলাদেশ জাতীয় দলে ২০০১ সালে অভিষেক হয়েছিল আশরাফুলের। অভিষেক টেস্টে সেঞ্চুরি করে তিনি হয়েছিলেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সেই রেকর্ড এখনও নিজের দখলে রেখেছেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে আর জাতীয় দলে নেই এ তারকা। লাল-সবুজদের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৩ সালে। এরপর ফিক্সিংয়ে জড়ালে কপাল পোড়ে তার।
ফিক্সিংয়ের শাস্তি ভোগের পর জাতীয় দলে না ফিরতে পারলেও আশরাফুল ঘরোয়া ক্রিকেটে সক্রিয়। ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলেও পদচারণা আছে তার। যদিও এ মৌসুমে কোনো দলের সঙ্গে নেই তিনি।
রোববার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, আমি আরও খেলতে চাই। হয়তো আরও একটা-দুটা মৌসুম খেলব। সেটাই এনাফ। তিনি জাতীয় দলে ফিরতে চান না বলেও জানান এবং বলেন এখন আর ফেরার মত অবস্থা নেই। দীর্ঘদিন আগে জাতীয় দলের হয়ে খেলা আশরাফুল এখনও অনেক রেকর্ড নিজের দখলে রেখেছেন।
এনবিএস/ওডে/সি