এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা পদক্ষেপের হুমকি দিল ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালোতালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়ন করা হলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে।
আজ (রোববার) এক টুইটার পোস্টে আবদুল্লাহিয়ান বলেন, “ইরানের সংসদ ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কাজ করছে।” ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় পার্লামেন্ট নিজেই নিজের পায়ে গুলি করেছে। ইরানও এর সমুচিত জবাব দেবে।
গত বুধবার ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করার জন্য ভোটাভুটি করে। পরে তা পররাষ্ট্র নীতি বিষয়ক বার্ষিক রিপোর্টে সংযুক্ত করা হয় এবং আইআরজিসি-কে কালোতালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে পাঠানো হয়।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২৩/একে