ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বায়োপিক রাওয়ালপিন্ডি এক্সপ্রেস থেকে সরে দাঁড়ালেন শোয়েব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

বায়োপিক রাওয়ালপিন্ডি এক্সপ্রেস থেকে সরে দাঁড়ালেন শোয়েব

 বায়োপিক রাওয়ালপিন্ডি এক্সপ্রেস থেকে সরে দাঁড়ালেন শোয়েব

 পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার গত শনিবার টুইটারে ঘোষণা করেছিলেন যে, তিনি তার আসন্ন বায়োপিক ‘দ্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি যোগ করেছেন যে, অভিমতের সঙ্গে মতবিরোধ সমাধানে ব্যর্থতা এবং ক্রমাগত চুক্তি লঙ্ঘন তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে নিয়েই বায়োপিক। অথচ তিনি আর এর সঙ্গে যুক্ত থাকতে রাজি নন। তিনিই কেন হঠাৎ এভাবে পিছু হঠলেন? অথচ অনেক ঘটা করেই শুরু হয়েছিল শোয়েব আখতারের বায়োপিকের কাজ। জোর কদমে চলছিল শুটিং। হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো।

শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার বায়োপিক রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। তিনি আরও লিখেছেন, বেশ কিছু বিষয়ে মতবিরোধ চলছিল। অনেক চেষ্টা করেও তার সমাধান হয়নি। বারবার চুক্তিভঙ্গ করা হয়েছে। সে কারণেই আমি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এখানেই থেমে থাকেননি শোয়েব আখতার। হুঁশিয়ারি দিয়ে শোয়েব আরও লিখেছেন, গত কয়েক মাস ধরে ভাবনা চিন্তার পরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। যারা এই বায়োপিক তৈরির দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করেছে আমার ম্যানেজমেন্ট এবং লিগ্যাল টিম। আমার কাছে এটি স্বপ্নের প্রোজেক্ট ছিল। অনেক কিছুই আটকানোর চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত, আমার মতামত গ্রাহ্যই করা হয়নি। বাধ্য হয়েই চুক্তি বিচ্ছিন্ন করছি। ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। এর পরও যদি আমার বায়োপিক তৈরি করা হয় এবং কোনও ভাবে আমার নাম কিংবা ঘটনা ব্যবহার করা হয়, আইনি ব্যবস্থা নিতে বাধ্য  হবো।

দেশের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড তার দখলে। ১৬১ কিমি/ঘণ্টায় বোলিং করে সেই নজির গড়েছিলেন। যা এখনও অক্ষত।

এনবিএস/ওডে/সি