ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শোয়েব, ওমরজাই জুটিতে রংপুরের বড় সংগ্রহ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

শোয়েব, ওমরজাই জুটিতে রংপুরের বড় সংগ্রহ

 শোয়েব, ওমরজাই জুটিতে রংপুরের বড় সংগ্রহ

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে রংপুর। যার জন্য বড় কৃতিত্বের দাবিদার শোয়েব মালিক। এই ক্রিকেটার এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ৭৫ রানের অপরাজিত এক ইনিংস।

মিরপুরে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে রংপুর। এদিন দলটির হয়ে ওপেনিং নামেন শেখ মাহেদী এবং নাঈম শেখ। প্রথম দুই বল থেকে দুটি সিঙেল নেওয়ার পর তৃতীয় বলে সহজ এক ক্যাচ তুলে দেন মাহেদী।

চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমের বল সোজাসুজি খেলতে গিয়ে ১ রান করে সাজঘরে ফেরেন মাহেদী। তিনে নামেন পারভেজ হোসেন ইমন। দুই পাশে দুই বাঁহাতি ব্যাটসম্যান থাকায় শুভাগত নিজে এবং আফিফকে দিয়ে বোলিং আক্রমণ চালিয়ে যান।

কিন্তু পরের ওভারে শুভাগত হোমের বলে ব্যাট হাতে সংগ্রাম করা ইমন ফিরেন মাত্র ৬ রান করে। শুভাগতের বলে মিড অনের উপর দিকে উড়িয়ে মারতে গেলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়েন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে শোয়েব মালিক এবং নাঈম দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ২৯ বলে ৫টি চার ও ১টি ছয়ে নাঈম ৩৪ রান করে ভিজয়কান্তের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

নাঈম ফেরার পর অবশ্য শোয়েব মালিকের ব্যাটে দারুণভাবে কামব্যাক করে রংপুর। প্রথম দশ ওভারে খুব বেশি রান তুলতে না পারা রংপুর শেষের ১০ ওভার থেকে শতরানের চেয়েও বেশি তোলে।

প্রথম ১০ ওভারে রংপুর করে ৬২, শেষ ১০ ওভার থেকে তোলে ১১৭ রান। এরমধ্যে শোয়েব এবং আজমতউল্লাহ ওমরজাই জুটি চতুর্থ উইকেটে ১০৫ রান যোগ করে রানের গতি বাড়িয়ে দেন।

ওমরজাই ২৪ বলে ১ চার ও ৪ ছয়ে ৪২ রান করে আউট হন। তবে শোয়েব মালিক মাত্র ২৯ বলে ২টি চার ও ৫ ছয়ে ফিফটি স্পর্শ করে ফেলেন।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৫টি করে চার ও ছয়ে ৭৫ রানে অপরাজিত থাকেন মালিক। চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা ৩টি ও শুভাগত হোম নেন ২ উইকেট।

এনবিএস/ওডে/সি