এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
ইসরাইলি হামলার কঠোর জবাব দেয়ার অধিকার রাখে তেহরান: রাষ্ট্রদূত
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার দেশের বিরুদ্ধে যে হুমকি দিচ্ছে তার কঠোর জবাব দেয়ার অধিকার রাখে তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট এবং সাধারণ পরিষদের মহাসচিবকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি সামরিক কারখানার ওপর সম্প্রতি যে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে তারপর ইরানি রাষ্ট্রদূত জাতিসংঘকে এই চিঠি লিখলেন। চিঠিতে তিনি হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে নিন্দা জানিয়েছেন।
রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি বলেন, প্রাথমিক তদন্ত শেষে একথাই পরিষ্কার হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল এই হামলার পেছনে ছিল এবং তারাই ইস্পাহানে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে। এ অবস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করার বৈধ অধিকার রাখে এবং ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের যেকোনো ভুল পদক্ষেপে কঠোর জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ -তা পরিস্থিতি যাই হোক না কেন।
ইরানি রাষ্ট্রদূত আরো বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরাইল যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। এছাড়া, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে, ইরানের অভ্যন্তরে অন্তর্ঘাতমূলক সন্ত্রাসবাদী তৎপরতার সাথে ইসরাইল জড়িত রয়েছে।
ইরাভানি বলেন, ইসরাইল যে ইস্পাহানেই প্রথম অপরাধমূলক ও সন্ত্রাসী হামলা চালিয়েছে তাই নয়, এর আগেও তারা বিভিন্ন সময় ইরানের পরমাণু স্থাপনা এবং পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালিয়েছে। এ অবস্থায় ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা দরকার। নিরাপত্তা পরিষদের উচিত তার দায়িত্ব প্রতিপালন করা।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে