এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
বাচ্চার আলাদা টিকিট কেন লাগবে! সদ্যোজাতকে ফেলেই বিমান ধরতে ছুটলেন দম্পতি
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছিল, শিশুর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। রাজি হননি দম্পতি। সেই নিয়েই কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। শেষমেশ শিশুসন্তানকে বিমানবন্দরের চেক-ইন ডেস্কেই ফেলে রেখে বিমানে ওঠার জন্য ছুটলেন দুজনে (Couple leaves baby at airport)!
হতবাক করা ঘটনাটি ঘটেছে ইজরায়েলের তেল আভিভ বিমানবন্দরে (Tel Aviv Airport)। সূত্রের খবর, ওই দম্পতি বেলজিয়ামের বাসিন্দা। ৩১ জানুয়ারি মঙ্গলবার তেল আভিভ বিমানবন্দর থেকে ব্রাসেলসে যাওয়ার টিকিট ছিল দুজনের। চেক-ইনের সময় দেখা যায়, সঙ্গে তাঁদের সদ্যোজাত সন্তানও রয়েছে।
চেক-ইন ডেস্কের কর্মীরা জানান, শিশুসন্তানের জন্যও আলাদা করে টিকিট কাটতে হবে। এতে রাজি হননি ওই দম্পতি। সেই নিয়েই দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরপরেই সন্তানকে ডেস্কের বেবি স্ট্রোলারে ফেলে রেখেই সিকিওরিটি চেকের জন্য এগিয়ে যান দুজনে।
ঘটনায় হতবাক হয়ে যান বিমানবন্দরের কর্মীর। ‘আমরা এরকম কিছু আগে দেখিনি। বিশ্বাস করতে পারছিলাম না, যেটা দেখছি সেটা সত্যিই ঘটছে!’ দাবি ডেস্কের এক কর্মীর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দম্পতি বেশ দেরিতে চেক-ইনের জন্য এসে পৌঁছান। শুরু থেকেই বেশ উদ্বিগ্ন ছিলেন তাঁরা। তারপর সন্তানকে ফেলে রেখেই ব্রাসেলসের বিমানে ওঠার জন্য দৌড়াচ্ছিলেন দুজনে।
জানা গেছে, শেষ পর্যন্ত ওই দম্পতিতে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে