এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
সাফ চ্যাম্পিয়ন হয়ে শামসুন্নাহারদের আবদার কাতান শাড়ি
দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক পর্যায়ে সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। যার সবশেষ ট্রফিটি বাঘিনীরা জিতেছে ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। গত বৃহস্পতিবার রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা।
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ কমলাপুর স্টেডিয়ামের মাঠে এসেছিলেন বাংলার বাঘিনীদের অভিনন্দন জানাতে। এ সময় দৌড়ে গিয়ে শামসুন্নাহাররা তাকে জড়িয়ে ধরেন। উল্লাসের এক পর্যায় কিরণকে শূন্যে ভাসিয়ে আনন্দ করতে থাকেন চ্যাম্পিয়ন মেয়েরা। মেয়েদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে মাহফুজা আক্তার কিরণ উঠে যান পুরস্কার বিতরণী মঞ্চে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন মেয়েদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ও করণীয় কী হবে, সে বিষয়ে গাইডলাইন দিতে বাফুফে ভবনে গিয়েছিলেন কিরণ। সেখানে বিজয়ী মেয়েদের নিয়ে বৈঠকে বসেন বাফুফের নারী উইংয়ের প্রধান। বৈঠকের সময়ে তার কাছে কাতান শাড়ী উপহার চেয়েছেন শামসুন্নাহাররা। মেয়েরা কাতান শাড়ী উপহার চাইলে মাহফুজা আক্তার কিরণ হেসে বলেন, তোমার তো শাড়ী পরো না। তখন মেয়েরা বলেন, আপনি দিলে আমরা পরবো। মাহফুজা আক্তার কিরণ মেয়েদের আবদার পূরণের আশ্বাস দিয়েছেন।
সাফ চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেও একদমই ছুটি নেই শামসুন্নাহার-আকলিমাদের। আগামী ৮ থেকে ১২ মার্চ কমলাপুর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। সেখানে অংশ নেবে বাংলাদেশের সাফজয়ী মেয়েরা। আরটিভি
এনবিএস/ওডে/সি