ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিষিদ্ধ হয়ে সাকিব ফিরতে পারলে আমিরও ফিরতে পারবেন: প্রধান নির্বাচক, পিসিবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

নিষিদ্ধ হয়ে সাকিব ফিরতে পারলে আমিরও ফিরতে পারবেন: প্রধান নির্বাচক, পিসিবি

 নিষিদ্ধ হয়ে সাকিব ফিরতে পারলে আমিরও ফিরতে পারবেন: প্রধান নির্বাচক, পিসিবি

জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কোনো কতৃপক্ষকে না জানানোয় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলেও ফিরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পাকিস্তানের প্রধান নির্বাচক মনে করেন, নিষিদ্ধ হওয়ার পর সাকিব ফিরতে পারলে মোহাম্মদ আমির-শারজিল খানরাও জাতীয় দলে ফিরতে পারবে।

২০১০ সালে লর্ডসে ইচ্ছাকৃত নো বল করে সালমান বাট এবং মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন আমির। এরপর অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বাঁহাতি এই পেসার। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালে ক্রিকেটে ফেরেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন আমির।

সেই টুর্নামেন্টের ফাইনালে ভারতের টপ অর্ডারকে একাই কাঁপিয়ে দিয়েছিলেন অভিজ্ঞ এই পেসার। তবে ২০১৯ সালের পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি থাকাকালীন জাতীয় দলে জায়গা না পেয়ে মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুসদের দিকে আঙুল তুলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

রমিজ চেয়ারম্যানের পদ হারানোয় আবারও জাতীয় দলে ফেরার সুযোগ থাকছে আমিরের। বাঁহাতি এই পেসারের মতো নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা শারজিল খানের জন্যও জাতীয় দলের দরজা খোলা আছে বলে জানান হারুন রশিদ। ইমাদ ওয়াসিমরা ফিটনেস ঠিক রেখে ঘরোয়া ক্রিকেটে ও পিএসএলে পারফর্ম করতে পারলে তাদের ফেরাতে কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছেন পিসিবির প্রধান নির্বাচক।

এ প্রসঙ্গে হারুন বলেন, আমির দুর্দান্ত একজন পেসার। কিন্তু সিদ্ধান্ত তার ওপর, আমাদের কাছে কিছু নেই। আমির যদি পাকিস্তানের হয়ে খেলতে চায় তাহলে তার জন্য আমাদের (জাতীয় দলের) দরজা খোলা আছে। তাকে আগে অবসর ভেঙে ফিরতে হবে। আমরা জানি, কারা খেলার জন্য অ্যাভেলএবল আছে।

ইমাদ ও শারজিলের প্রসঙ্গ টেনে পিসিবির এই প্রধান নির্বাচক বলেন, একইভাবে ইমাদ ওয়াসিম এবং শারজিল খানকেও ফিটনসের প্রয়োজনীয় নিয়মগুলো অনুসরণ করতে হবে। প্রত্যাবর্তনের জন্য ঘরোয়া এবং পিএসএলে পারফর্ম করতে হবে।

আমির, ইমাদ এবং শারজিলের ফেরার নিয়ে সাকিবের উদাহরণ টেনেছেন হারুন। ২০১৯ সালে জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার সঙ্গে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে ফিরে ক্রিকেট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসও।

তাদের দুজনের উদাহরণ টেনে হারুন বলেন, যদি সাকিব আল হাসান এবং মারলন স্যামুয়েলস তাদের নিষেধাজ্ঞা থেকে ফিরে জাতীয় দলে খেলতে পারে তাহলে আমাদের খেলোয়াড়রাও ফিরে আসতে পারে এবং খেলতে পারে।

এনবিএস/ওডে/সি