ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এয়ারবাস ও বোয়িং থেকে ৪৭০টি বিমান কিনছে এয়ার ইন্ডিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

এয়ারবাস ও বোয়িং থেকে ৪৭০টি বিমান কিনছে এয়ার ইন্ডিয়া

 এয়ারবাস ও বোয়িং থেকে ৪৭০টি বিমান কিনছে এয়ার ইন্ডিয়া

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর ‘উপস্থিতিতে’ একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে এয়ার ইন্ডিয়ার জন্য ৪৭০টি বিমানের কথা উল্লেখ করা হয়। তার মধ্যে ২৫০টি এয়ারবাস এবং ২২০টি বোয়িং থেকে বিমানের কথা রয়েছে। এই চুক্তির বলে তিন দেশের অংশীদারিত্ব আরো জোরদার করবে। ইন্ডিয়ান এক্সপ্রেস

এয়ার ইন্ডিয়া এবং এয়ারবাস এই চুক্তির কথা ঘোষণা করেছে। নরেন্দ্র মোদি এবং ম্যাক্রোঁ ভার্চুয়াল সম্মেলনে এই চুক্তিকে ল্যান্ডমার্ক বলে উল্লেখ করেছেন। এয়ার ইন্ডিয়ার চুক্তি হয়েছে এয়ারবাস এবং বোয়িংয়ের সঙ্গে। ভারতের কোনো এয়ারলাইনসের এটাই হলো বড় চুক্তি। এদিনই এক ঘোষণায় চুক্তির বিষয়টি জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মূল প্রতিষ্ঠান টাটা গ্রুপ।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, চুক্তির অংশ হিসাবে এয়ার ইন্ডিয়া মোট ২৫০টি বিমান আমদানি করবে। এর মধ্যে ৪০টি এ৩৫০ ওয়াইড-বডি ও ২১০টি এ৩২০নিও ন্যারো-বডি বিমান।

দি ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ব্যবসায়িক বৃদ্ধি পরিকল্পনামাফিক হলে বিমানের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান।

তিনি আরও জানান, ভবিষ্যতে ভারতের মাটিতেই বাণিজ্যিক বিমান উৎপাদন করার প্রকল্প হাতে নেয়া যেতে পারে। বর্তমানে বেঙ্গালুরুতে এয়ারো ইন্ডিয়া ২০২৩ প্রদর্শনী চলছে। ফলে আকাশপথের দিকে চোখ রয়েছে অনেকের। এর মধ্য মঙ্গলবার একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কনফারেন্সে উপস্থিত ছিলেন এয়ার ইন্ডিয়ার মালিক রতন টাটাও।

সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই চুক্তি ভারতের ইতিহাসে একটি মাইলফলক। এটি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বের প্রতিফলন। এর পাশাপাশি ভারতের বিমান চালনা ক্ষেত্রের সাফল্যেরও ইঙ্গিতবাহী।

তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে ভারতে মোট বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে ১৪৭টি হয়েছে। ধীরে ধীরে বিমান পরিবহনের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হয়ে উঠছে। আগামী ১৫ বছরে ভারতের ২ হাজারেরও বেশি বিমানের প্রয়োজন হবে।

এই চাহিদা যাতে ভারত নিজেই মেটাতে পারে, সেদিকে জোর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারতের ‘মেক ইন ইন্ডিয়া-মেক ফর দ্য ওয়ার্ল্ড’ ভিশনের অধীনে উৎপাদনখাতে অনেক নতুন নতুন সুযোগ আসছে।’

এনবিএস/ওডে/সি