ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ অভিবাসীর মৃত্যু, আহত ৩৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ অভিবাসীর মৃত্যু, আহত ৩৬

 পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ অভিবাসীর মৃত্যু, আহত ৩৬

পানামায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। অভিবাসীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে চালক কেন বাসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। বুধবারের ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতের একটি আশ্রয়কেন্দ্রে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটির ৬৬ জন যাত্রীর সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশায় রওনা হয়েছিল বলে পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পানামার ইতিহাসে এই দুর্ঘটনাটি অভিবাসীদের সঙ্গে জড়িত সবচেয়ে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্টিনো কর্টিজো বলেছেন, এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের অভিবাসন মোকাবেলায় মানবিক সহায়তা এবং উপযুক্ত শর্ত প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি করছি। পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে।

হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে পানামার জলাভূমি দারিয়েন গ্যাপ অতিক্রম করে আসছে। গত বছরই এই সংখ্যা ছিল ২ লক্ষ ৪৮ হাজার। অভিবাসীদের অধিকাংশই ভেনেজুয়েলার। এছাড়া হাইতি এবং কিউবা থেকে আসা অভিবাসীরাও এই তালিকায় রয়েছে।

এনবিএস/ওডে/সি