ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনকে তেল-গ্যাস খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব দিল ইরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

চীনকে তেল-গ্যাস খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব দিল ইরান

 চীনকে তেল-গ্যাস খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব দিল ইরান

ইরানের তেল খাতে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের তেলমন্ত্রী আহমাদ আসাদজাদে এ খবর জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক বেইজিং সফরে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরো বলেছেন, তেল ও গ্যাসের ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এই সেক্টরে বিনিয়োগের জন্য চীনের সামনে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। তেলমন্ত্রী বলেন, চীনকে যেসব প্রস্তাব দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মিথানল থেকে ওলেফিন উৎপাদনের বেশ কয়েকটি ইউনিট তৈরি এবং দক্ষিণ ইরানে কয়েকটি তেল শোধনাগার নির্মাণ।

আহমাদ আসাদজাদে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চীন মনে করে আমাদের দেশের ওপর আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা সত্ত্বেও এদেশে বিনিয়োগ করতে তাদের কোনো বাধা নেই।”  ইরানি মন্ত্রী বলেন, চীনা বিনিয়োগের বাইরেও তার দেশের তেল খাতের উন্নয়নে বেইজিং ২,০০০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ দেবে বলে তেহরান আশা করছে।

এদিকে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন ইরানের প্রেসিডেন্টের চীন সফরের মধ্য দিয়ে দু'দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আর্থ-রাজনৈতিক,নিরাপত্তা-প্রতিরক্ষা এবং কৌশলগত-ভূ-রাজনৈতিক বিষয়ে দুটি দেশ এসব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২৫ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্প্রতি ইরানের  প্রেসিডেন্ট সাইয়্যদ ইব্রাহিম রায়িসির তিন দিনব্যাপী চীন সফরে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও জ্বালানী খাতে সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল ইরানের কোনো প্রেসিডেন্টের প্রথম বেইংজিং সফর। প্রেসিডেন্ট রায়িসি তেহরানে ফিরে তার সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে ঘোষণা করেছেন।

এনবিএস/ওডে/সি