ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আদানি কাণ্ড মোদীকে দুর্বল করবেই, ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে: জর্জ সোরোস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:০২ পিএম

আদানি কাণ্ড মোদীকে দুর্বল করবেই, ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে: জর্জ সোরোস

আদানি কাণ্ড মোদীকে দুর্বল করবেই, ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে: জর্জ সোরোস


 আদানি গোষ্ঠীর শেয়ারের দাম নিয়ে যে ডামাডোল শুরু হয়েছে (Adani Crisis) তা আখেরে নরেন্দ্র মোদীকে দুর্বল করবে বলে মন্তব্য করলেন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ধনকুবের জর্জ সোরোস (Billionaire George Soros)। তাঁর মতে, এই ঘটনায় যে অনাস্থা তৈরি হয়েছে তার ধাক্কায় ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
জর্জ সোরোস হলেন এক ধনকুবের। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। স্বচ্ছতা, বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে তাঁর এই প্রতিষ্ঠান ব্যক্তি বা কোনও গোষ্ঠীকে অনুদান দিয়ে সাহায্য করে।
এহেন উদ্যোগপতি যে ভাবে আদানি কাণ্ড নিয়ে মুখ খুলেছেন তাতে বিনিয়োগ বাজার তো বটেই ভারতের জাতীয় রাজনীতিও আন্দোলিত হয়ে গিয়েছে। কারণ, আদানি কাণ্ডের সঙ্গে নরেন্দ্র মোদীকে জড়িয়ে এরকম সরাসরি আক্রমণ আন্তর্জাতিক স্তরে এখনও পর্যন্ত কেউ করেনি। সেদিক থেকে জর্জ সোরোসই প্রথম।
জার্মানির মিউনিখে এক সিকিউরিটি কনফারেন্সে জর্জ সোরোস বলেছেন, “মোদী এ বিষয়ে (পড়ুন আদানি কাণ্ড) এখনও নীরব। কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের ও সংসদকে তাঁকে জবাব দিতেই হবে।” এর পরই সোরোস বলেন, “এই ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোদীর রাশকে দুর্বল করবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দরজা খুলে দেবে।” তাঁর কথায়, আমি এ ব্যাপারে খুব যে জানি তা নয়, তবে আমি আশা করছি ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।
সোরোসের এ কথার অর্থ পরিষ্কার। তা হল ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। তাঁর এই কথা যে কেন্দ্রে শাসক দল তথা বিজেপি খণ্ডন করতে চাইবে তা নিয়ে সংশয় নেই। বিপরীতে এতে অনেকটাই উজ্জীবিত বিরোধীরা।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গৌতম আদানির সংস্থা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। তার পর থেকেই শেয়ার বাজারে আদানির শেয়ারের দাম ধস নামতে শুরু করেছে। ভারতের শিল্প বাণিজ্য মানচিত্রে আদানি গোষ্ঠীর যেভাবে ধূমকেতুর মতো উত্থান হয়েছে, তার নেপথ্যে নরেন্দ্র মোদীর ভূমিকা রয়েছে বলে বিরোধীরা অনেক দিন ধরেই সরব। ফলে হিন্ডেনবার্গের রিপোর্ট হাতে নিয়ে মোদীর উদ্দেশে প্রশ্ন তুলেছে কংগ্রেস ও বাকি বিরোধীরা। কিন্তু এ ব্যাপারে সংসদেও এখনও পর্যন্ত কোনও জবাব দেননি প্রধানমন্ত্রী। এখন দেখার সোরোসের মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন কোনও মাত্রা যোগ করে কিনা।

 খবর দ্য ওয়ালের?এনবিএস/২০২৩/একে