ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রথমার্ধে এগিয়ে থেকেও রহমতগঞ্জের সঙ্গে ড্র করলো শেখ রাসেল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

প্রথমার্ধে এগিয়ে থেকেও রহমতগঞ্জের সঙ্গে ড্র করলো শেখ রাসেল

 প্রথমার্ধে এগিয়ে থেকেও রহমতগঞ্জের সঙ্গে ড্র করলো শেখ রাসেল

প্রথমার্ধে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না শেখ রাসেল ক্রীড়াচক্র। জুনিয়র মাপুকু’র গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। কিন্তু প্রথমার্ধের শেষদিকে গোল পরিশোধ করে দেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে। ম্যাচে বেশ কিছু সুযোগ হাতছাড়া করায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জুলফিকার মাহমুদের দলকে। তাতে তিনে উঠে আসার সুযোগ নষ্ট করেছে তারা।

২৯তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। নিজেদের অর্ধ থেকে তিমুর তালিপোভের লম্বা পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান এমপিয়া মাপুকু।  

৪৩তম মিনিটে প্রতি আক্রমণে ওঠে রহমতগঞ্জ। বক্সের বাইরে থেকে ভ্যালেন্সিয়ার নেয়া শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আশরাফুল ইসলাম। এই কর্নার থেকেই ব্যবধান কমায় রহমতগঞ্জ। কর্নারে উড়ে আসা বলে হেড করে বল জালে পাঠান। শুকুরবেক খোলমাতোভ।

৫৫তম মিনিটে গোললাইন ক্লিয়ারেন্সে শেখ রাসেলকে রক্ষা করেন মনির আলম। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া এনামুল ইসলামের গতির শট গোললাইন থেকে ফেরান মনির। বাকি সময়ে দুই দল রক্ষণ আগলে রেখে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

৯ ম্যাচে চার জয়, দুই ড্র ও তিন হারে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

এনবিএস/ওডে/সি