এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম
প্রথমদিনে মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শন করলেন হাথুরুসিংহে
অনেক নাটকীয়তা শেষে বাংলাদেশে নতুন অধ্যায় শুরু করেছেন চান্দিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব পেয়ে ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পা রাখেন টাইগারদের নতুন এই কোচ।
হাথুরুর নতুন শুরু হচ্ছে অবশ্য বেশ কঠিন এক অ্যাসাইনমেন্ট দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। লঙ্কান এই কোচের কাছে এই সিরিজের জন্য প্রস্তুতি নিতে খুব বেশি সময়ও নেই।
১ মার্চ থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার ফলে ঢাকায় পা দিয়ে বিশ্রামে সময় না কাটিয়ে কাজে নেমে পড়েছেন হাথুরুসিংহে। প্রথম দিনেই হাজির হয়েছেন মিরপুরের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
মাঠে এসে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনায় মত্ত হয়ে ওঠেন হাথুরুসিংহে। নিশ্চয়ই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে বধ করারই পরিকল্পনা সাজাচ্ছিলেন ‘প্ল্যানিং মাস্টার’ হাথুরু। এই সময়ে মাঠে ক্রিকেটারদের ট্রেনিংয়েও চোখ রাখছিলেন এই কোচ। সেসময়ে তাদের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের সদস্য শাহরিয়ার নাফিস এবং নাফিস ইকবাল খান।
তাদের সঙ্গে আলোচনা শেষে মিরপুরের পিচ কিউরেটর স্বদেশী গামিনি ডি সিলভার সঙ্গেও কথা বলতে দেখা যায় হাথুরুকে। সেখান থেকে শাহরিয়ার নাফিসের সঙ্গে মিরপুরের একাডেমি মাঠে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন দেখেন টাইগারদের দায়িত্ব নেওয়া এই কোচ। ইংল্যান্ড সিরিজের জন্যই ব্যাটিং অনুশীলন করেছিলেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
নিজের শিষ্যদের ব্যাটিং অনুশীলন দেখলেও হাথুরু এদিন কোনো ক্রিকেটারকেই কোনো পরামর্শ দেননি। এমনকি আলোচনাও করেননি কারো সঙ্গেই। সেখান থেকে ইনডোর দেখতে যান হাথুরু। ফের ফিরে আসেন মিরপুরের মূল উইকেটে। সেখানে উইকেট নিয়ে আলোচনা করছিলেন ডি সিলভার সঙ্গে।আরটিভি
এনবিএস/ওডে/সি