এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
সস্ত্রীক বাংলাদেশে আসছেন সৌরভ
ঝটিকা সফরে ঢাকা আসছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি বেসরকারি ব্যাংকের হয়ে প্রচার করতে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন সৌরভ। রাজধানী ঢাকায় ওয়েস্ট ইন হোটেলে বাংলাদেশ সময় দুপুর বেলা ৩টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র কাপের উদ্বোধন করবেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। এই টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল।
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি সকালে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভ বাংলাদেশে পৌঁছাবেন। সদ্য ইংল্যান্ড সফরে গিয়েছিলেন তিনি।তারপর বাকি সময়টা হোটেলে বিশ্রাম নেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যাঙ্কের প্রচার অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ভারতে ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিলো এক সংবাদ সম্মেলনের। সেখানে সৌরভকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনও টাকা নেবেন না তিনি সেটাও জানানো হয়েছে। মহৎ উদ্দেশ্যে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্ধোধনে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি পয়সাও না নেওয়ায় তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেয়র।
মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রচার চালানো হবে। বিশেষ করে নবীন প্রজন্মকে বার্তা দেওয়া হবে এর মধ্যে দিয়ে।
উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর রহমান জানিয়েছেন, 'ঢাকার সঙ্গে কলকাতার একটা আলাদা সম্পর্ক রয়েছে। সৌরভ নিজেও বহুবার এখানে এসে খেলেছেন। একটা আলাদা আত্মার যোগ রয়েছে এখানে। তাই সৌরভকে মেয়র কাপের উদ্বোধন করতে অনুরোধ করেছিলাম। একবার বলতেই রাজি হয়ে যাওয়ার ফলে উনাকে আলাদা করে ধন্যবাদ জানাতেই হয়।
এনবিএস/ওডে/সি