এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম
ইংল্যান্ড দলকে নিরপত্তা দিবে ডিএমপি
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পৌছাবে ইংল্যান্ড দল। ইংলিশদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকেই ইংল্যান্ড জাতীয় ক্রিকেট টিমের বাংলাদেশ সফর নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য খেলার ভেন্যু অনুশীলনস্থল, আবাসনস্থল, যাতায়াত এস্কর্ট ও ভ্রমণকালে খেলোয়াড়দের জন্য থাকছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। খেলোয়াড়দের হোটেলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়রা যখন রাস্তা দিয়ে যাবে তাদের ভিভিআইপি মর্যাদায় রোড প্রটেকশন দেয়ার ব্যবস্থা থাকবে। স্টেডিয়ামের নিরাপত্তার জন্য ডিএমপি ও বিসিবি যৌথভাবে কাজ করছে।
ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা রাত-দিন নিরাপত্তা বিধানের জন্য মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকছে সোয়াট টিম ও ডগ স্কোয়াড।
এই সফরে নিরাপত্তা ইস্যুতে গত ১৯ জানুয়ারি ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম এর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ২ সদস্যের (ইসিবি) একটি নিরাপত্তা প্রতিনিধি দল। সে সময় ইংল্যান্ড দলের সফরকালে সার্বিক নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা পরিকল্পনার বিষয়ে বিশেষ ব্রিফিং হয়।
এনবিএস/ওডে/সি